পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে যুক্ত করার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমত আরা খাতুন। তিনি বলেন, 'আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করেছি।'
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু আছে। 'আয়ুষ্মান ভারত' প্রকল্প এই রাজ্যে নেই।
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সুবিধা আদৌ পাবেন কি না, তার কোনও গ্যারান্টিও নেই। এই কথার পাশাপাশি ইসমত আরা খাতুন এ দিন বলেন, 'আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি এবং তাঁদেরকে কর্মীর মর্যাদা প্রদানের বিষয়টি প্রয়োজন। কিন্তু এই সব কর্মীর ক্ষেত্রে ন্যূনতম আর্থিক দায়-দায়িত্ব অস্বীকার করতেই বাজেটে এই ঘোষণা করা হয়েছে।' তিনি বলেন, 'আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রয়োজন ছিল বেঁচে থাকার মতো ন্যূনতম মাসিক ভাতা বৃদ্ধি করা। চালাকি করে এটা এড়িয়ে যেতেই কেন্দ্রের সরকার এই পদক্ষেপ নিয়েছে।'আরও পড়ুন:
ইসমত আরা খাতুন বলেন, 'অত্যন্ত দুঃখের বিষয় হল, আমাদের দেশে এক কোটিরও বেশি স্কিম ওয়ার্কার অক্লান্ত পরিশ্রম করে যে পরিষেবা দিয়ে আসছেন, সেই কর্মীদের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করছে। বছর বছর বাজেট পেশ করা হচ্ছে। কিন্তু এই সব প্রকল্পের কর্মীদের জন্য ন্যূনতম ভাতা বৃদ্ধি করা হচ্ছে না।' এই ধরনের পরিস্থিতির মধ্যে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের অধীনে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আসার ঘোষণা 'অন্তঃসারশূন্য'।