পুবের কলম প্রতিবেদক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মধ্যে বেশ কয়েকটি চমক রয়েছে। তবে দু’টি কেন্দ্রে এমন প্রার্থীরা দাঁড়াচ্ছেন যাদের সম্পর্কে আগে থেকে কোনও খবর ছিল না। এদের একজন হচ্ছেন শাহনওয়াজ আলি রায়হান। তাঁকে মালদহ দক্ষিণ আসন থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে। তিনি মালদহের কালিয়াচক এলাকার ভূমিপুত্র।
আরও পড়ুন:
শাহনওয়াজ আলি রায়হানকে দিল্লিতে আবিষ্কার করেছিলেন কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। মাসিক ও সপ্তাহিক কলম পড়ার সুবাদে শাহনওয়াজ আলি রায়হান ইমরান সাহেবকে চিনতেন। সেইসময় তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর সঙ্গে কথাবার্তায় ইমরান লক্ষ্য করেন, শাহনওয়াজ আলি রায়হানের মধ্যে বুদ্ধিবৃত্তিক প্রতিভা রয়েছে। সেইসময় কলম পত্রিকা দৈনিক হচ্ছিল।
ইমরান সাহেব তাঁকে কলকাতায় নিয়ে এসে কলম পত্রিকার ফিচার এডিটারের দায়িত্ব দেন। যদিও শাহনওয়াজ আলি রায়হান কোনও দৈনিক পত্রিকাতে আগে কাজ করেননি কিন্তু সরাসরি তিনি কলম পত্রিকার ফিচার এডিটার হিসেবে দায়িত্ব নেন।আরও পড়ুন:
কলম পত্রিকায় তিনি প্রায় এক বছর কাজ করেছিলেন। এরপর শাহনওয়াজ আলি রায়হান এইসময় পত্রিকায় যোগ দেন। আর তারপর পাড়ি দেন অক্সফোর্ডে।
ইতিমধ্যে শাহনওয়াজ হুগলির একটি ভালো পরিবারে বিয়ে করেছেন। তাঁর স্ত্রী এখান থেকেই ডাক্তারি পাশ করেন। তিনি আল আমীন মিশনের ছাত্রী ছিলেন। বর্তমানে শাহনওয়াজ আলি রায়হান-এর স্ত্রী ইংল্যান্ডে কর্মরত রয়েছেন। আশা করা যায় শাহনওয়াজ আলি রায়হানও অক্সফোর্ড থেকে শীঘ্রই ডক্টরেট ডিগ্রি লাভ করবেন। শাহনওয়াজ আলি রায়হান কিছুদিন মরক্কোর ফেজ শহরের নিকট একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।আরও পড়ুন:
সকলেই আশা করছেন, শাহনওয়াজ আলি রায়হান একজন তরুণ ও উদ্যমী যুবক। মালদহ দক্ষিণে শাহনওয়াজ আলি রায়হানকে হারানো কঠিন হবে বলেই বিরোধী দলগুলিরও ধারণা।