পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতীয় মুদ্রা ব্যবহারে আপত্তি নেই শ্রীলঙ্কার। এমনই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতে তার প্রথম সরকারি সফরের কয়েক দিন আগে তিনি এ কথা বলেন। শনিবার তিনি জানান, মার্কিন ডলারের মতো ভারতীয় রুপির ব্যবহার করতে চায় তার দেশ। রনিল বিক্রমাসিংহে শুধু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন না, তিনি দেশটির অর্থমন্ত্রীও বটে।
ভারতীয় সিইও ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে অভিন্ন মুদ্রা হিসাবে ভারতীয় রুপির ব্যবহারের সম্ভাবনা আমরা খারিজ করে দিচ্ছি না।’ তিনি বলেন, ‘ভারতীয় মুদ্রার অভিন্ন ব্যবহারের প্রসঙ্গে আমাদের পক্ষ থেকে কোনও আপত্তি নেই।’ তাঁর এই মন্তব্য অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। ২০২২ সালে অর্থনৈতিক সঙ্কটের জেরে দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছিল।
সেই পরিস্থিতিতে প্রবল গণবিক্ষোভের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই তথা সে দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। সে সময় শ্রীলঙ্কাকে আর্থিক সংকট মোকাবিলার জন্য ৪০০ কোটি ডলার দিয়েছিল ভারত। এ নিয়ে প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ভারত এবং শ্রীলঙ্কার আড়াই হাজার বছরের সম্পর্কের কথা বলেছেন প্রধানমন্ত্রী রনিল। তিনি জানিয়েছেন, আর্থিক মন্দার মোকাবিলায় অনেকটাই সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। এবার তাদের প্রধান লক্ষ্য ভারতের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনীতিকে মজবুত করা।