পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটকে ঘিরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকার-কে তিরুনেলভিলি জেলার ভোট পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে এই দায়িত্বে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে অপারগতার কথা কমিশনকে জানান।

সেই কারণেই শেষ মুহূর্তে এই বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের তরফে সুপ্রতিম সরকারকে দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক বদলি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বহু পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে সরানো হয়েছে।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 
তবে কমিশন নিজেদের অবস্থানে অনড় থেকে একাধিক ব্লক স্তরের কর্মী, পর্যবেক্ষক এবং থানার ওসিকেও বদলি করেছে। নন্দীগ্রাম, ভবানীপুর-সহ বিভিন্ন জায়গায় এই রদবদল হয়েছে বলে খবর। এই ব্যাপক বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট-এর দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। প্রধান বিচারপতি সুজয় পাল-এর বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।