পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলা সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণার পরেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে এবার রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন। রাজ্যে আসতে  চলেছে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। ভিন রাজ্য থেকে এইসব পর্যবেক্ষকদের আনা হচ্ছে।

যার মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, বিহার প্রভৃতি রাজ্য। গতবারের থেকে এবার রাজ্যে পর্যবেক্ষকদের সংখ্যা দ্বিগুণ বলেই জানা যাচ্ছে। শুধু পর্যবেক্ষকই নয়, প্রত্যেক বিধানসভার জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এছাড়া নির্বাচনী আয়ব্যায় খতিয়ে দেখার জন্যও নিযুক্ত পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানো হয়েছে।
 

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবার সাধারণ পর্যবেক্ষক হিসেবে ২৯৪ জনকে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে পর্যবেক্ষক থাকবেন। আর আয়ব্যায় সংক্রান্ত কাজ খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হচ্চে ১০০ জন পর্যবেক্ষক। প্রতি জেলায় থাকবেন ২ জন করে পর্যবেক্ষক।

আগামিকাল বুধবার থেকে এই সমস্ত পর্যবেক্ষকরা কাজের দায়িত্ব নেবেন। নির্বাচন সংক্রান্ত যেকোন অভিযোগ জানানো যাবে পর্যবেক্ষকদের। কিভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে পর্যবেক্ষকরা দায়িত্ব পাওয়ার পর তা জানানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে এবারের বিধানসভা ভোট হবে দুদফায়, আগামী ২৩ ও ২৯ এপ্রিল। বাকি রাজ্যগুলির সঙ্গে ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ ভোট করায় হল তাদের লক্ষ্য। সেই লক্ষেই এবার পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন।