পুবের কলম ওয়েব ডেস্কঃ বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে গড় ভোটদানের হার পৌঁছেছে ৮৯.৯৩ শতাংশে। ভোটগ্রহণ শেষ হওয়ার এখনও এক ঘণ্টা বাকি থাকতেই আগের বিধানসভা ও লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই এগিয়ে গেল এ বার।

জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোটদানের হার দেখা গিয়েছে কালিম্পঙে  ৮১.৯৮ শতাংশ।

এ দিনের ভোটগ্রহণ চলেছে মোট ১৫২টি আসনে। এই আসনগুলিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই হার ছিল ৭৯.৮ শতাংশ। তবে এ বার বিকেল ৫টার মধ্যেই সেই সমস্ত পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়েছে ভোটের হার।

নির্বাচন শেষ হবে সন্ধ্যা ৬টায়। বর্তমান প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তা হলে চূড়ান্ত ভোটের হার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোটেও যদি একই ধারা বজায় থাকে, তা হলে সর্বভারতীয় স্তরে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দেশের নিরিখে এতদিন সর্বোচ্চ ভোটদানের নজির ছিল অসমের দখলে, যেখানে চলতি বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৫.৩৮ শতাংশ।

পরে সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসে পুদুচেরি, যেখানে ভোটদানের হার পৌঁছয় ৮৯.৯৩ শতাংশে। প্রথম দফাতেই সেই দুই পরিসংখ্যানকে টপকে গিয়েছে পশ্চিমবঙ্গ।

রাজ্যের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০১১ সালের বিধানসভা নির্বাচনে, তখন হার ছিল ৮৪.৩৩ শতাংশ। ফলে এ বারের নির্বাচনে সেই রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বিকেল ৫টার মধ্যেই গত লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অতিক্রম করেছে প্রথম দফা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ১৫২টি কেন্দ্রে গড় ভোট পড়েছিল প্রায় ৮০ শতাংশ।