পুবের কলম, ওয়েবডেস্ক: : অমিত শাহের একটি ভিডিয়ো বিকৃত করার অভিযোগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে সমন পাঠালো দিল্লি পুলিশ। আগামী বুধবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রেড্ডির সঙ্গে আরও চারজনকে এই মামলায় নোটিশ ধরানো হয়েছে। ভিডিয়োটি আপলোড এবং শেয়ার করা অ্যাকাউন্টগুলির তথ্য জানতে পুলিশ এক্স এবং ফেসবুককে নোটিশও পাঠিয়েছে।এই ঘটনায় রেড্ডি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'এটা বিজেপির নতুন হাতিয়ার।
এতদিন ধরে তারা সিবিআই আর ইডিকে ব্যবহার করছিল,এবার দিল্লি পুলিশকে কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা কাউকে ভয় পাই না'। এদিকে বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে বলেছেন, 'কংগ্রেস দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসসি/এসটি এবং ওবিসিদের সংরক্ষণকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কংগ্রেস একটি জাল ভিডিয়ো বানিয়ে প্রচার করছে, এজন্য তাদের অবশ্য আইনের মুখোমুখি হতে হবে।'আরও পড়ুন:
ভিডিয়োটি তেলেঙ্গানা কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, তারপরে অনেক দলের নেতা ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন, দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) এর জন্য সংরক্ষণ কোটা বিলুপ্ত করার পক্ষে সওয়াল করেছেন। বিজেপি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগের পরে দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিয়োটির পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করে। এই বিষয়ে অমিত শাহ বলেছেন, 'রাহল গান্ধি আমাদের বিরুদ্ধে এই ধরনের গুজব ছড়াচ্ছে। বিজেপি ১০ বছর ধরে এই দেশের নেতৃত্বে রয়েছে, দুবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে। যদি সত্যিই, দেশে সংরক্ষণের অবসান ঘটানোর ইচ্ছে থাকত, তাহলে এতদিনে হয়ে যেত।'