পুবের কলম,ওয়েবডেস্ক: ‘মহার্ঘ’ রান্নার গ্যাসের দাম কমেছিল আগেই। এ বার বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি) সিলিন্ডারের দামও কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সূত্রে খবর, সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা দাম কমতে চলেছে। যার ফলে দিল্লিতে ১৯-কেজি-র বাণিজ্যিক সিলিন্ডার ১ হাজার ৫২২ টাকায় পাওয়া যাচ্ছে।
কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম হল ১৬৩৬ টাকা। এদিকে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে  হল ১৬৯৫ টাকা। এদিকে মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৪৮২ টাকা। এর আগে গত মাসেও হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছিল।
তার আগে জুলাইতে ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম বেড়েছিল ৭ টাকা। আর জুন মাসে ৮৩.৫০ টাকা কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই মাসে তা আবার কমানো হল।

প্রসঙ্গত, নিয়মানুযায়ী প্রত্যেক মাসের শুরুতেই বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বিবেচনা করে তেল কোম্পানিগুলি দাম নির্ধারণ করে। বিশ্ব বাজারে জ্বালানির ওঠানামার উপরে নির্ভর করে এলপিজি সিলিন্ডারের দামও কমানো বা বাড়ানো হয়।