পুবের কলম প্রতিবেদকঃ পয়লা বৈশাখের আগেই কালীঘাটের স্কাইওয়াক চালু হতে পারে। গত বছরের জুন মাসে কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব পায় রিলায়েন্স গোষ্ঠী। নভেম্বর মাসে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে একথা নিজেই জানিয়েছিলেন মুকেশ আম্বানি। সূত্রের খবর, ২০২৪-এর এপ্রিলের মধ্যেই স্কাইওয়াকের কাজ শেষ করার পরিকল্পনা চলছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রতি বছর দেশ-বিদেশের বহু ভক্ত কালীঘাট মন্দির দর্শনে আসেন। যেকোন উৎসবে তিল ধরণের জায়গা থাকে না দুশো বছরের বেশি পুরনো এই মন্দিরে। এবার নতুন সাজে সেজে উঠতে চলেছে এই মন্দির। তৈরি হচ্ছে স্কাইওয়াক।
সোনার পাত দিয়ে কালীঘাট মন্দিরের তিনটি চূড়াও তৈরী হচ্ছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের আদলেই কালীঘাটে তৈরি হতে চলেছে এই স্কাইওয়াক। পয়লা বৈশাখের দিন অর্থাৎ বাংলার নতুন বছরের শুরুতে প্রতি বছরই কালীঘাটের মন্দিরে প্রচুর ভিড় হয়। তবে এবছর পয়লা বৈশাখে ভিড় এড়াতে দর্শনার্থীরা স্কাইওয়াক ব্যবহার করতে পারবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
আদতে ২০২২ সালের জানুয়ারি মাসে কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হয়। তবে ব্রিটিশ আমলের পাইপ লাইন, নিকাশির পাইপ আগের মতোই রেখে সংস্কারের কাজ দ্রুত শেষ করা যাচ্ছিল না। মাঝে রিলায়েন্সকে কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কালীঘাটের পরিকাঠামোগত সংস্কারের কাজ শুধুমাত্র রিলায়েন্স করছে না, রাজ্য সরকারও করছে। এই প্রসঙ্গে, মঙ্গলবারই হিডকো ভবনে এক সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মোট ১১২ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে স্কাইওয়াক। করা হচ্ছে অন্যান্য সংস্কার। এর মধ্যে কালীঘাট উন্নয়নে সরকারের তরফে ১৯ কোটি টাকা খরচ করা হচ্ছে।