পুবের কলম ওয়েবডেস্ক:প্রেমিকের সহায়তায় নিজের স্বামীকে হত্যা করে শৌচাগারে  ২৫ ফুট গভীর গর্তে পুঁতে দিলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সাংরুর জেলায়। শনিবার সাংরুর জেলার পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে। স্বামীকে হত্যার পর নিজের ১৩ এবং ১১ বছর বয়সী দুই পুত্রের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন ওই মহিলা।

 পুলিশ জানিয়েছে, রাজজি কৌর ওরফে জসভীর কৌর (৩৫) নামে অভিযুক্ত মহিলা ২০ নভেম্বর তার স্বামী নিখোঁজ এই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন।তদন্তের সময়,  সামনে  আসে ওই একই এলাকার বাসিন্দা সুরজিত সিং বাগ্গার সঙ্গে  কৌরের অবৈধ সম্পর্ক ছিল। এরপর শুরু হয় জসভীরকে ম্যারাথন জেরা। জিজ্ঞাসাবাদের সময়, জসভীর  কৌর স্বীকার করেছেন যে তিনি সুরজিতের সঙ্গে হাতমিলিয়ে গত   ২৭  অক্টোবর তার স্বামীকে হত্যা করেছিলেন।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সুরেন্দ্র লাম্বা সংবাদসংস্থা কে এই তথ্য জানিয়েছেন।  লাম্বা আরও জানিয়েছেন জসভীর এবং সুরজিত দুজনে  অতি গোপনে খুনের পরিকল্পনা করেছিলেন।  কারণ বাড়িতে জসভীরের দুই কিশোর পুত্র ছিল তাই কোনভাবেই যেন কেউ জানতে না পারে।  বকশিওয়ালার বাসিন্দা অমরিক সিং নামে ওই ব্যক্তির দেহ শনিবার শনাক্ত করা হয়।
নিহতের দেহ শনিবার  মাটি খুঁড়ে বের করা হয়। প্রায় এক মাস  আগে  তাকে সাংরুরের সুনামের বকশিওয়ালা গ্রামে খুন করা হয়।  পুলিশের জেরার মুখে কৌর জানিয়েছেন তিনি তাঁর স্বামী অমরিকের রাতের খাবার পরিবেশন করেছিলেন মেনুতে ছিল রুটি এবং মুরগীর মাংস। মুরগীর মাংসের মধ্যেই জসভীর মিশিয়ে দেন কড়া মাত্রার ঘুমের ওষুধ। এরপর স্বামী অজ্ঞান হয়ে গেলে প্রেমিক সুরজিতের  সাহায্যে তাঁকে শ্বাষরোধ করে হত্যার পর পুঁতে দেন বাড়ির শৌচালয়ে ২৫ ফুট গর্ত করে।  পুলিশ জানিয়েছে পরকীয়ার জেরেই এই ঘটনা ঘটিয়েছে। খুনের পরিকল্পনা স্তম্ভিত করেছে দুঁদে পুলিশ অফিসারদেরও।