ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার শ্রমিক। কয়লা প্রক্রিয়াকরণের সময় তৈরি হওয়া কাদার স্তূপ ভেঙে তাঁদের উপর পড়ে যায়, আর তাতেই মর্মান্তিকভাবে চাপা পড়ে মৃত্যু হয় চারজনের।
আরও পড়ুন:
শনিবার এই দুর্ঘটনাটি ঘটে ভারত কোকিং কোল লিমিটেডের মুনিডি কোল ওয়াশারিতে। এখানে কয়লার সঙ্গে মিশে থাকা অশুদ্ধি আলাদা করার কাজ চলছিল। স্থানীয় থানার ওসি ওয়াকার হুসেন জানান, পরিষ্কারের পর যে কাদা তৈরি হয়, তা লরিতে তোলার সময় হঠাৎই কাদার একটি বড় অংশ ধসে পড়ে শ্রমিকদের উপর।
আরও পড়ুন:
ঘটনাস্থলেই চাপা পড়ে যান চার শ্রমিক। মৃতদের নাম মানিক বাউরি, দীনেশ বাউরি, দীপক বাউরি এবং হেমলাল গোপ।
আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওয়াশারির সামনে বিক্ষোভ দেখান মৃতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, পরিবারের একজনকে চাকরি দিতে হবে এবং এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।