পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতার আলিপুর আদালতে জিডি বিড়লা স্কুলে ছাত্রীর যৌন নির্যাতনে দোষীদের সাজা ঘোষণা হল।  দুই দোষী শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি  ৫০ হাজার টাকা করে জরিমানার (অনাদায়ে আরও ৬ মাস অতিরিক্ত সাজা) নির্দেশও দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাজ্য সরকার পক্ষ থেকে নির্যাতিতা ছাত্রীকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছেন আলিপুর আদালতের বিচারক।

আদালত সূত্রে প্রকাশ,  ছয় বছর আগে কলকাতার  রানিকুঠির জিডি বিড়লা স্কুলের  বছর চারের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শারীরশিক্ষার দুই শিক্ষকের বিরুদ্ধে।

গত ২০১৭ সালে স্কুল ছুটির পর শৌচালয়ে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

ছাত্রীর পরিবারের অভিযোগ,  তাঁরা স্কুলে মেয়েকে আনতে গিয়ে দেখেন,  মেয়ে শৌচালয়ে দাঁড়িয়ে কাঁদছে,  স্কুলড্রেসে রক্তের দাগ। যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাও হয়। সেইসময়  কলকাতা সহ রাজ্য উত্তাল হয়ে উঠে।

অভিযুক্তদের বিরুদ্ধে পকসো  আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা হয়। ১৬৪ ধারা অনুযায়ী নির্যাতিতার গোপন জবানবন্দি নেয় আদালত। গ্রেফতার হয় দুজন কীর্তিমান  শিক্ষক। ৬ বছর ধরে সেই মামলা চলে আলিপুর আদালতে। গত  বুধবার আলিপুর আদালত অভিযুক্তদের আসামি হিসাবে  দোষী সাব্যস্ত করে। শুক্রবার শাস্তি ঘোষণা করল আলিপুর আদালত। এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার।