মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলা সরাসরি আলোচনা টানা আট ঘণ্টা পেরিয়ে গেছে, যা এ পর্যন্ত দীর্ঘতম বৈঠকগুলোর অন্যতম বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক চলছে এবং আয়োজক দেশের পক্ষ থেকে উভয় পক্ষকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলোচনায় উপস্থিত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। নিরাপত্তা, কূটনীতি ও অর্থনীতি—এই তিন ক্ষেত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি বন্দিবিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠেছে বলে জানা গেছে।

পুরো প্রক্রিয়ায় আস্থা তৈরির লক্ষ্যে মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে পাকিস্তান।
সূত্রের দাবি, এই তৃতীয় দফার আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মার্কিন প্রতিনিধিদল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে না। বিশেষ করে Strait of Hormuz ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘কঠোর’ বলেই মনে করছে তেহরান।

যদিও পাকিস্তানি সূত্রগুলোর আশাবাদ, এই আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসতে পারে।

সম্ভাব্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালিতে অবাধ চলাচল বজায় রাখা কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা—তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।
এক কূটনীতিকের কথায়, সফল আলোচনা সাধারণত রুদ্ধদ্বার বৈঠকেই হয় এবং অতিরিক্ত প্রচার অনেক সময় কূটনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করে।
এদিকে বৈঠক চলার মাঝেই খুব ধীরে ধীরে তথ্য সামনে আসছে। আয়োজক দেশের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, আলোচনা শেষ হলে ইসলামাবাদের সেরেনা হোটেল থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হতে পারে।