পুবের কলম ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এল ইভিএম ও ভিভিপ্যাট বিভ্রাটের অভিযোগ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া-সহ একাধিক জেলায় সকাল থেকেই বহু বুথে ভোটগ্রহণ ব্যাহত হয়। কোথাও মেশিন বিকল, কোথাও আবার ভিভিপ্যাটে সমস্যা, ফলে নির্ধারিত সময়ে ভোট শুরু করা যায়নি বহু কেন্দ্রে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। বিভিন্ন জায়গায় ভোটারদের সঙ্গে ভোটকর্মীদের বচসার ঘটনাও ঘটে বলে খবর।
বুধবার সকাল সাতটা থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল।
নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের আড়ংঘাটার খোষলপুর এলাকার ১২১ ও ১২২ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ সময় ভোট বন্ধ থাকে। ভোটাররা বুথের বাইরে অপেক্ষা করতে থাকেন। একইভাবে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের একাধিক বুথেও ইভিএম সমস্যার কারণে দেরিতে ভোট শুরু হয়। বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী দাবি করেন, তিনিও সকালে গিয়ে ভোট দিতে পারেননি।
হাওড়ার উলুবেড়িয়ার বিভিন্ন বুথ থেকেও ইভিএম খারাপের অভিযোগ উঠে আসে। বেশ কিছু কেন্দ্রে দীর্ঘ সময় ধরে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা এলাকার রাইগ্রামের ১১৭ ও ১১৮ নম্বর বুথে ভিভিপ্যাটে প্রতীকের ছবি না ওঠার অভিযোগ করেন ভোটাররা। ঘটনাস্থলে সিপিএমের নির্বাচনী এজেন্ট ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
কাটোয়ার রবীন্দ্র ভবনের ৯৫ নম্বর বুথেও সকাল থেকেই ইভিএম বিভ্রাট দেখা যায়। অভিযোগ, প্রায় এক ঘণ্টার বেশি সময় ভোট বন্ধ ছিল সেখানে। পরে মেশিন বদল করে ফের ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ভোটারদের। কাটোয়ার মহকুমাশাসকও কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাহিনীর আধিকারিকরা নির্দেশ মানছেন না।