যুক্তরাষ্ট্র জুড়ে আবারও জোরদার হল ‘নো কিংস’ আন্দোলন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ শনিবার রাস্তায় নামলেন। তাঁদের স্লোগান—“আমেরিকায় রাজা চাই না”।
মূলত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের প্রতিবাদেই এই দফার আন্দোলন নতুন গতি পেয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ‘নো কিংস’ আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে ৫০টি প্রদেশে ৩২০০টিরও বেশি কর্মসূচি নেওয়া হয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ডালাস-সহ একাধিক বড় শহরে বিশাল মিছিল দেখা যায়। ওয়াশিংটন ডিসি এবং ফিলাডেলফিয়া-তেও রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন বহু মানুষ। কোথাও হাতে ট্রাম্পের ব্যঙ্গাত্মক পোস্টার, কোথাও বা তাঁর আদলে তৈরি বিশাল বেলুন—সব মিলিয়ে প্রতিবাদের চিত্র ছিল চোখে পড়ার মতো।
শুধু ইরান নীতিই নয়, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও সরকার পরিচালনায় অচলাবস্থার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। বিশেষ করে মিনেসোটার সেন্ট পলে আয়োজিত কর্মসূচি ছিল সবচেয়ে বড়। সেখানে স্টেট ক্যাপিটল ভবনের সামনে জড়ো হয়ে অনেকে অভিবাসন অভিযানে নিহতদের স্মরণে পোস্টার তুলে ধরেন। প্রতিবাদকারীদের দাবি, দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা তাঁরা মেনে নেবেন না।
উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে শুরু হওয়া ‘নো কিংস’ আন্দোলন ইতিমধ্যেই একাধিক দফা অতিক্রম করেছে। প্রথম দফায় কয়েক মিলিয়ন মানুষ রাস্তায় নামেন, দ্বিতীয় দফায় অংশগ্রহণ আরও বাড়ে। এবারের তৃতীয় দফার বিক্ষোভও আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের সামরিক অভিযানের প্রেক্ষিতে শুরু হওয়া এই প্রতিবাদ আন্দোলন ভবিষ্যতে আরও তীব্র হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।