আরামবাগে নির্বাচনী সভায় করা মন্তব্য ঘিরে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে তাঁর বক্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” বলে কড়া মন্তব্য করলেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির পর্যবেক্ষণ, ভোটের ফল ভিন্ন হলে ওই ধরনের মন্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলতে পারত।
তবে আপাতত স্বস্তি মিলেছে অভিষেকের। আদালত তাঁকে ৩০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে সুরক্ষা দিয়েছে।

যদিও তার সঙ্গে একাধিক শর্তও জুড়ে দেওয়া হয়েছে। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, প্রয়োজনে সশরীরে হাজিরাও দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতেও পারবেন না তিনি।

গত ২৭ এপ্রিল আরামবাগের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেছিলেন, “৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে।” তাঁর ওই মন্তব্য ঘিরেই পরবর্তীতে অভিযোগ দায়ের হয়।

শুধু আরামবাগ নয়, নির্বাচনী প্রচারের সময় আরও কয়েকটি মন্তব্যকে কেন্দ্র করেও বিতর্কে জড়ান তিনি। ফলতার এক সভায় তাঁর মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছিল।
এই ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের হওয়ার পর আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, একজন প্রবীণ সাংসদ হিসেবে তাঁর বক্তব্য আরও সংযত হওয়া উচিত ছিল কি না।
শুনানির সময় অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, রাজনৈতিক মঞ্চে অনেক নেতাই কড়া ভাষা ব্যবহার করেন। তবে আদালত জানিয়ে দেয়, জনসমক্ষে দেওয়া মন্তব্যের প্রভাব সম্পর্কে রাজনৈতিক নেতাদের আরও সতর্ক থাকা প্রয়োজন।
একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে তদন্তের জন্য তলব করা হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে অভিষেককে জানাতে হবে।