উত্তরপ্রদেশের জৌনপুরে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এমবিবিএস পড়ার স্বপ্ন পূরণ করতে প্রতিবন্ধী কোটার সুবিধা পাওয়ার আশায় নিজের পায়ের একটি অংশ কেটে ফেলেছেন ২৪ বছরের এক যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুরজ ভাস্কর, বাড়ি খলিলপুর এলাকায়।

ডি-ফার্মা পাশ করা সুরজ দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তে জানা গিয়েছে, তিনি ২০২৬ সালের মধ্যে এমবিবিএসে ভর্তি হতে মরিয়া ছিলেন।

প্রথমে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের হামলার গল্প তুলে ধরলেও জেরায় বারবার বক্তব্য বদলান তিনি। পরে তাঁর ডায়েরি, কল রেকর্ড এবং বান্ধবীর বয়ানে আসল সত্য প্রকাশ্যে আসে। পুলিশের দাবি, প্রতিবন্ধী শংসাপত্র পেতে ব্যর্থ হয়ে সুরজ নিজেই পরিকল্পিতভাবে এই কাজ করেন। ঘটনাস্থল থেকে কোনও হামলার চিহ্ন মেলেনি, বরং অজ্ঞান করার ওষুধ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও স্থিতিশীল। সুস্থ হওয়ার পর তাঁর বিরুদ্ধে তদন্তে বিভ্রান্ত করার অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।