পুবের কলম,ওয়েবডেস্ক: জামিয়াতুল আজহার বা আল-আজহার বিশ্ববিদ্যালয় মিশরে অবস্থিত বিশ্বখ্যাত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে এটি প্রতিষ্ঠার ১০৮৩ বছর উদযাপন করল। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান মসজিদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ সময় জামিয়াতুল আজহারের ইতিহাস ও বিশ্বব্যাপী ইসলামী শিক্ষা প্রচারে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এতে অংশ নেন আল-আজহারের ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল-দুয়াইনি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. সালামা দাউদ, ইসলামিক রিসার্চ একাডেমির সদস্য ড. আব্বাস সুমান, ড. হাসান আল-শাফেয়িসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

এক বিবৃতিতে গ্র্যান্ড ইমাম ড. আহমদ আত-তাইয়িব বলেছেন, ‘১০৮৩ বছর ধরে আল-আজহার আল্লাহর অনুগ্রহে পবিত্র কুরআন ও সুন্নাহর প্রজ্ঞার প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। এ সময় আলোকিত মধ্যপন্থা রীতিকে ধারণ করে যুক্তিনির্ভর ও প্রথাগত জ্ঞানচর্চা এবং আধ্যাত্মিক অনুশীলনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তা কেবল মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যায়লই নয়; বরং পুরো মানবজাতির কল্যাণে এর রয়েছে সুমহান বার্তা।
বুদ্ধিবৃত্তিক জগতে তা একটি উজ্জ্বল আলোকবর্তিকা। আমরা মহান আল্লাহর কাছে এই বার্তা বহন ও দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করি।’

রমযান উপলক্ষে প্রতিদিন এর মসজিদে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠান চলছে। তাছাড়া মসজিদ প্রাঙ্গণে প্রতিদিন চার হাজার শিক্ষার্থীর ইফতার বিতরণ করা হয়। আল-আজহারের মিডিয়া শাখার উদ্যোগে প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এশা ও তারাবিহর নামাযের লাইভ ভিডিও সম্প্রচার করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে বিশ্বের ১২০টি দেশের ৫০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে।