রায়পুর: ফের মাওবাদী অভিযান ছত্তিশগড়ে। মাও সন্দেহে ১৬ জনকে খতম করল নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনীর। তাতেই খতম করা হয় সন্দেহভাজন ১৬ মাওবাদীকে। প্রশাসন সূত্রে খবর, গুলিতে সিপিআইয়ের ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ২ জওয়ান জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সুকমা-দান্তেওয়াড়ার আন্তঃজেলা সীমান্ত এলাকায়।
কেরলাপাল এলাকায় মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ যৌথ অভিযান চালায়। শুক্রবার রাতভর গুলির লড়াই চলে। ১৬ জন মাওবাদীকে খতম করে পুলিশ। মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এখনও মাওবাদী নিকেশ অভিযান চালানো হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, “শুক্রবার মাওবাদী দমন অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল। আজ সকালে কেরলাপাল থানা এলাকায় মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে বড় সাফল্য মিলেছে। এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বিস্ফোরকও।”






























