পুবের কলম,ওয়েবডেস্ক: প্রেসিডেন্টের স্বাক্ষর  ছাড়াই নতুন দুটি আইন হয়েছে পাকিস্তানে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির স্বাক্ষর ছাড়াই প্রণীত আইন দুটি হল, অফিশিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩ এবং পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩। পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষেই এই দুই আইনসংক্রান্ত বিল অনুমোদন হয়েছিল।

এরপর বিল দুটি পাঠানো হয়েছিল প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য। রবিবার প্রেসিডেন্ট আরিফ জানান, তিনি ওই দুই বিলে স্বাক্ষর করেননি। প্রেসিডেন্ট আলভি বলেন, তিনি বিল দু’টিতে স্বাক্ষর না করে কর্মকর্তাদের সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংসদে ফেরত পাঠানোর জন্য বলেছিলেন। তবে প্রেসিডেন্টের ওই নির্দেশ নাকি মানা হয়নি।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, যদি প্রেসিডেন্ট কোনও বিলে স্বাক্ষর না করেন এবং বিল নিয়ে তার পর্যবেক্ষণ ও আপত্তিগুলো জানিয়ে ১০ দিনের মধ্যে ফেরত না পাঠান, তাহলে তা নিয়ম মেনে আইনে পরিণত হবে।

বিষয়টি নিয়ে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের আইনমন্ত্রী আহমেদ ইরান জানিয়েছেন, যেহেতু প্রেসিডেন্ট খসড়াগুলোয় স্বাক্ষর করেননি এবং ১০ দিনের মধ্যে ফেরত পাঠাননি, তাই সেগুলো আইনে পরিণত হয়েছে। আরিফ আলভি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সদস্য। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। দুর্নীতির একটি মামলায় সাজা পেয়ে বর্তমানে তিনি কারাবন্দি।