আইভি আদক, হাওড়া:  ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে। প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা হাওড়ায়। আগামীকাল তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে।

সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী দূরের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। সেখান থেকে তাদের কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় রাত্রিবাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

উত্তর হাওড়ার সালকিয়াতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় ৩০-৩৫ হাজার মানুষের রান্নাবান্নার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

বিধায়ককে দেখা গেল তিনি নিজেও রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছেন। মেনু ভাত, ডাল, আলু পটলের তরকারি এবং ডিম সেদ্ধ থাকছে। শ্রাবণ মাস থাকায় নিরামিষ খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে। রাঁধুনি এবং তাদের সহকারি মিলিয়ে প্রায় আড়াইশো জন রান্নার কাজে হাত লাগিয়েছেন।

সন্ধ্যেবেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তর হাওড়ার শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেন দুটি জায়গাতে আসবেন। সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলার জনসভায় যোগ দিতে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশন আসতে শুরু করেছে মানুষ।

তার আগে গোটা স্টেশন চত্বর সাজানো হয়েছে। খোলা হয়েছে ক্যাম্প। রয়েছে বাসের ব্যাবস্থা। যারা আসবেন তাদের থাকা-খাওয়া ব্যাবস্থা করা হয়েছে উত্তর হাওড়ার শ্যাম গার্ডেনে ও শ্রীরাম বাটিকাতে।