পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে এক বছরে ষোল লক্ষেরও বেশি জন্ম এবং মৃত্যুর শংসাপত্র প্রদান করা হয়েছে ‘অনলাইন’ পরিসেবার মাধ্যমে। ফলে গত এক বছরে উপকৃত হয়েছেন রাজ্যের বিপুল সংখ্যক উপভোক্তা।জানা গিয়েছে, রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইন পরিসেবার মাধ্যমে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র প্রদানের কাজ শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৬ লক্ষাধিক শংসাপত্র দেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় সাত লক্ষ মৃত্যুর শংসাপত্র এবং আনুমানিক নয় লক্ষ জন্ম শংসাপত্র জারি করা হয়েছে।
পাশাপাশি ‘অফলাইন’-এ আরও সাত লক্ষ জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে অনলাইন এবং অফলাইন-এ ২৩ লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর। রাজ্যবাসী যেন সহজ পদ্ধতিতে কম সময়ে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র পেতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।আরও পড়ুন:
উল্লেখ্য, অনলাইন পরিসেবার মাধ্যমে শংসাপত্রের আবেদন জানানোর জন্য গত ২০২২ সালের ৫ মে ‘জন্ম মৃত্যু তথ্য’ নামে এক পোর্টালের উদবোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পোর্টালের পাশাপাশি বিশেষ টোল ফ্রি নম্বরের মাধ্যমেও শংসাপত্র সংক্রান্ত যে কোন তথ্য জানা যাবে। রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, শংসাপত্রের আবেদন থেকে সেটা হাতে পাওয়া অবধি পুরো প্রক্রিয়াটি অনলাইনে হয়। ফলে তথ্য বিভ্রাট অনেকতাই কমেছে। এমনকি পোর্টালের মাধ্যমে উপভোক্তারা ইচ্ছেমত প্রিন্ট আউট নেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও তিনি জানান।