পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকায় আশ্রয় চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করলেন তাহাউর রানা। তাঁর কথায় ভারতে গেলেই প্রবল অত্যাচারের শিকার হতে হবে! তাঁর দাবি, মুসলিম হওয়ার কারণে নাকি অত্যাচারিত হতে হবে ভারতে। গত মাসেই ২৬/১১ হামলার মূল অভিযুক্তকে ভারতে পাঠাতে রাজি হয়েছে আমেরিকা। তারপরেই আইনি পদক্ষেপ তাহাউরের।

২৬/১১ কাণ্ডের অন্যতম চক্রী কানাডার নাগরিক তাহাউর রানা এখন আমেরিকার জেল। মুম্বইয়ে হওয়া ওই ভয়াবহ হামলায় ৬ মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়। ২০১৩ সালে তাহাউর রানাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায ফের তাকে গ্রেফতার করা হয়। গত বছর আগস্ট মাসে মার্কিন কোর্ট তাহাউরকে ভারতে প্রত্যর্পণে সায় দেয়।