মধু সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়ল এক কিশোর। পাথরের সরু ফাটলে মাথা আটকে যায় তার। আর ঠিক সামনেই ফণা তুলে দাঁড়িয়ে ছিল বিষধর সাপ। টানা প্রায় আট ঘণ্টা মৃত্যুভয় নিয়েই ওই অবস্থায় কাটাতে হয় তাকে। শেষ পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় উদ্ধার করা হয় কিশোরকে।
ঘটনাটি ঘটেছে ওড়িশার নয়াগড় জেলার কানিপাড়া জঙ্গলে।

আহত কিশোরের নাম শিবা প্রধান।

জানা গিয়েছে, জঙ্গল থেকে মধু সংগ্রহ করা শিবার নিত্যদিনের কাজ। প্রতিদিনের মতো কাকার সঙ্গে সে গিয়েছিল জঙ্গলে। সেখানে একটি টিলার ফাটলের ভিতরে মৌচাক দেখতে পেয়ে মধু সংগ্রহের জন্য মাথা ঢুকিয়ে দেয় শিবা। কিন্তু মুহূর্তের মধ্যেই বিপত্তি ঘটে। পাথরের সরু ফাটলের মধ্যে আটকে যায় তার মাথা।

আর তখনই সামনে দেখতে পায় একটি বিষধর সাপকে। ফণা তুলে কিশোরের দিকেই তাকিয়ে ছিল সাপটি। মাথা আটকে থাকায় নড়াচড়া করারও উপায় ছিল না শিবার। আতঙ্কে জমে যায় সে।

প্রথমে শিবার কাকা তাকে বের করার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে খবর দেওয়া হয় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের। তাঁরাও চেষ্টা চালিয়েও শিবাকে উদ্ধার করতে পারেননি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।
ফাটলের ভিতরে সাপ থাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালাতে হয়। সেই কারণেই উদ্ধারকাজে অনেক বেশি সময় লাগে। প্রায় আট ঘণ্টা পর অবশেষে শিবাকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়।

উদ্ধারের পর কিশোরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ওই ভয়াবহ পরিস্থিতিতে আটকে থাকলেও শিবা বড় ধরনের আঘাত পায়নি বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।