গুজরাটের আরাবল্লি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। চিকিৎসার জন্য স্থানান্তরিত করার পথেই আচমকা আগুন ধরে যায় চলন্ত অ্যাম্বুল্যান্সে, প্রাণ যায় এক নবজাতক, তার বাবা, এক চিকিৎসক ও এক নার্সের—মোট চারজনের। ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মোদাসা শহরের কাছে।

মাত্র একদিন আগে জন্ম নেওয়া শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মোদাসার একটি হাসপাতাল থেকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।
অ্যাম্বুল্যান্সে ছিলেন শিশুটির বাবা, দুই আত্মীয়, এক চিকিৎসক এবং এক নার্স। মোদাসা–ধানসুরা সড়কে পৌঁছতেই হঠাৎ আগুন দেখা যায় অ্যাম্বুল্যান্সের পেছনে। একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় চালক আগুন নজরে আনেন এবং দ্রুত গাড়ি থামিয়ে সামনের দরজা দিয়ে বেরিয়ে আসেন তিনজন।

কিন্তু পিছনের দরজা আটকে যাওয়ায় ভেতরে থাকা চারজন বেরোনোর সুযোগই পাননি।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারান নবজাতক, তার বাবা জিগনেশ মোচি (৩৮), আহমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০) এবং নার্স ভুরিবেন মনত (২৩)। আহত অবস্থায় শিশুটির দুই আত্মীয় ও অ্যাম্বুল্যান্সচালককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা জানতে ফরেনসিক তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।