সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই সিদ্ধান্তেই আনুষ্ঠানিক সিলমোহর দিল নবান্ন। সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন:
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি— সব ক্ষেত্রেই চাকরির আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো হয়েছে। রাজ্যের অর্থ দফতরের অডিট শাখা জানিয়েছে, গ্রুপ এ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৪১ বছর করা হয়েছে। তবে যেসব পদে আগে থেকেই বয়সসীমা ৪১ বছরের বেশি ছিল, সেখানে কোনও পরিবর্তন করা হবে না।
আরও পড়ুন:
একইসঙ্গে গ্রুপ বি চাকরির ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৪ বছর।
অন্যদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির আবেদন করার জন্য বয়সসীমা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫ বছর।আরও পড়ুন:
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ওই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই চাকরির বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেন।আরও পড়ুন:
সরকারের দাবি, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় বহু শিক্ষিত যুবক-যুবতী চাকরির আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছিলেন। সেই বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর বক্তব্য ছিল, “২০১৫ সালের পর পশ্চিমবঙ্গে কার্যত কোনও নিয়োগ হয়নি। ফলে বহু যোগ্য প্রার্থী বয়সের কারণে আবেদন করার সুযোগ হারিয়েছেন। তাঁদের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুন:
রাজ্যে ক্ষমতায় এসে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, মন্ত্রিসভার প্রথম বৈঠকের এই সিদ্ধান্তকে তারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।