পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ব নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন মিম নেতা ওয়ারিস পাঠান। বিশ্ব নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ঘটনায় এবার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন মিম নেতা।

একইসঙ্গে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পাঠান।

সূত্রের খবর, নবী মুহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন এক মহিলা। সেই ভিডিয়োটি নিজের সামাজিক মাধ্যমে তা শেয়ার করেন তিনি। ওই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরই বিতর্ক শুরু হয়।

ওই মহিলার মন্তব্যে নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। এদিকে মিম নেতা ওই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'শর্মিষ্ঠা নামের এই মহিলা আমাদের নবী (সা.) সম্পর্কে অত্যন্ত অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। যা কোনো মুসলমান সহ্য করবে না।' কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে ভিডিয়োটি ট্যাগ করেছেন ওয়ারিস পাঠান। মহিলার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।