মহারাষ্ট্রে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর সঙ্গে থাকা আরও চারজনেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে অজিত পওয়ারের ব্যক্তিগত বিমান।
ডিজিসিএ সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ বারামতির কাছে জরুরি অবতরণের চেষ্টা চলাকালীন বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।
৬৬ বছর বয়সি অজিত পওয়ার মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন। বুধবার নিজের কেন্দ্র বারামতিতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বিমানে তাঁর সঙ্গে ছিলেন দুই বিমানকর্মী ও দুই সরকারি আধিকারিক। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি বলে জানানো হয়েছে।
খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়। শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে দ্রুত বারামতির উদ্দেশে রওনা দেন। একাধিক শীর্ষ নেতা অজিত পওয়ারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে ফোনে কথা বলে শোকবার্তা জানান বলে জানা গেছে।




















