পুবের কলম ওয়েবডেস্ক :
ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ঢাকা-সংযোগসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ভ্রমণকারী যাত্রীরা সরাসরি প্রভাবের মুখে পড়বেন।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আকাশপথে চলমান বিধিনিষেধ এবং বিশ্ববাজারে জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এয়ার ইন্ডিয়ার ভাষ্য অনুযায়ী, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের দুর্ভোগে ফেলার পরিবর্তে আগেভাগেই সূচিতে যৌক্তিক সমন্বয় আনা হয়েছে, যাতে ফ্লাইট পরিচালনায় স্থিতিশীলতা বজায় থাকে।
নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখা হবে।
উত্তর আমেরিকার রুটেও বড় ধরনের পরিবর্তন এনেছে সংস্থাটি। দিল্লি-শিকাগো রুটের ফ্লাইট আগামী আগস্ট পর্যন্ত পুরোপুরি স্থগিত থাকবে। একই সঙ্গে দিল্লি থেকে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে ইতিবাচক দিক হিসেবে মুম্বাই থেকে নেওয়ার্ক রুটে এখন প্রতিদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
ইউরোপীয় গন্তব্যগুলোর ক্ষেত্রেও ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেনের মতো ব্যস্ত রুটে নিয়মিত ফ্লাইটের সংখ্যা আগের তুলনায় কম হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “জ্বালানি সংকটের কারণে জুলাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে”— এমন গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, সাময়িক এই সমন্বয়ের পরও তারা প্রতি মাসে বিশ্বের পাঁচটি মহাদেশের বিভিন্ন গন্তব্যে এক হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে।