নয়াদিল্লি, ২৫ মে: দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে স্বীকার করেছেন, মদ কেলেঙ্কারি সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের কাছে এই কেলেঙ্কারির কোনও প্রমাণ নেই বলেও দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। শুক্রবার ভার্চুয়াল এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল "পাকা চোর" হওয়ায় স্বর্তেও তদন্তকারী সংস্থাগুলি মদ কেলেঙ্কারি মামলায় অপরাধের আয় পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে।
মুখ্যমন্ত্রী সাফ বলেন, 'এই দাবি প্রমাণ করে যে আবগারি দুর্নীতির কেলেঙ্কারি বিজেপির ষড়যন্ত্র। আম আদমি পার্টিকে শেষ করার ষড়যন্ত্র।'আরও পড়ুন:
কেন্দ্রকে আক্রমণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কেজরিওয়াল। তিনি বলেন, 'মোদি আমাকে "ভুল" ভাবে গ্রেফতার করিয়ে অজুহাত তৈরি করছেন।
আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি যখন স্বীকারই করেছেন যে মদ কেলেঙ্কারি ভুয়ো। তখন এই মামলায় গ্রেফতার হওয়া সবাইকে মুক্তি দিন।' আপ সুপ্রিমো বলেন, "ওরা বলছে আমরা ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছি, আর কিছুদিন আগে ওরা বলেছে ১১০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ১০০ কোটি বা ১১০০ কোটি টাকা কেলেঙ্কারি হলে সেই টাকা কোথাও না কোথাও রাখতে হবে। তারা বহু অভিযান চালিয়ে একটি টাকাও পায়নি।"