আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে, অতিরিক্ত তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে, যা বহু নাগরিকের ভোটাধিকার প্রয়োগের পথে বড় বাধা হয়ে উঠতে পারে। বস্টন থেকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এ ধরনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রকে কলুষিত করা কখনওই গ্রহণযোগ্য নয়। অমর্ত্য সেনের বক্তব্য, একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য যে সময় প্রয়োজন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার স্পষ্ট অভাব রয়েছে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় নথি জোগাড় করার সুযোগ দেওয়া হচ্ছে না।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, শান্তিনিকেতনের ভোটার হয়েও তাঁকে নানা অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে—এমনকি তাঁর প্রয়াত মায়ের বয়স নিয়েও প্রশ্ন তোলা হয়। গ্রামীণ ভারতে জন্ম নেওয়া বহু মানুষের মতো তাঁরও জন্মের শংসাপত্র নেই বলে উল্লেখ করে তিনি বলেন, বন্ধুদের সহায়তায় তিনি সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন, কিন্তু দরিদ্র ও প্রান্তিক মানুষদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল এতে লাভবান হবে কি না, সে বিষয়ে মন্তব্য না করলেও অমর্ত্য সেনের আশঙ্কা, এই প্রক্রিয়ায় সংখ্যালঘু ও সমাজের দুর্বল অংশের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাঁর আবেদন, কোনও প্রাপ্তবয়স্ক ভারতীয় যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। ৯২ বছর বয়সেও গণতান্ত্রিক অধিকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ অমর্ত্য সেন জানিয়েছেন, শরীর ও সময় মিললে তিনি এবারের বিধানসভা নির্বাচনেও ভোট দিতে চান—রবীন্দ্রনাথের মানবিক ও উদার ভারতের স্মরণে।