পুবের কলম, ওয়েবডেস্ক:  ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস উপলক্ষে ভারত জুড়ে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ স্বরূপ ২১ জানুয়ারি কলকাতায় যৌথভাবে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস পালন করল সশস্ত্র সীমা বল ও পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র (EZCC)। এদিন অনুষ্ঠিত হয়ে গেল এক "আইকনিক ইভেন্ট"। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কলকাতায় এই দায়িত্ব দেওয়া হয় সশস্ত্র সীমা বল (SSB) কে। সঙ্গে ছিল CISF, NSG, NDRF এবং EZCC।

 অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডাঃ সি.ভি.আনন্দ বোস।

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনে সশস্ত্র সীমা বল

সকাল ৮ টায় যোগ ব্যায়ামের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যাতে SSB, NSG, CISF এবং NDRF কর্মীরা ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। এরপর ইজেডসিসি প্রাঙ্গণ থেকে করুণাময়ী বাসস্ট্যান্ড পর্যন্ত ওয়াকথন প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে সমস্ত বাহিনীর কর্মকর্তা, কর্মী, কেন্দ্রীয় বিদ্যালয় এবং সল্টলেক , ও লেডি কুইন স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় নাগরিকরা যোগদান করেন। সব মিলিয়ে প্রায় ৯৫০ জন মানুষ উৎসাহের সঙ্গে এই বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাজীকে শ্রদ্ধা জানান সকলে।

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনে সশস্ত্র সীমা বল

এরপরে নেতাজীর আদর্শ বাণী "তুমি আমাকে রক্ত ​​দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব" স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যাতে CISF, SSB, NDRF এবং NSG-এর আধিকারিক ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন বাহিনীর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল উদ্ধার ও ত্রাণ প্রদর্শন। যার উদ্দেশ্য ছিল এই বিশেষ প্রদর্শনের মাধ্যমে স্থানীয় নাগরিকদের বাঁচানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা। এরপর ছিল ডগ শো।

এই অনুষ্ঠানে বাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াডগুলি তাদের দক্ষতা প্রদর্শন করে। এরপর আইএনএর ছন্দময় সুরে বাহিনীর প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল ব্যান্ড দল একটি দুর্দান্ত এবং অবিস্মরণীয় উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সমস্ত নাগরিককে মুগ্ধ করে।

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনে সশস্ত্র সীমা বল

সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের প্রেক্ষাগৃহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই এসএসবি'র মহাপরিদর্শক আইজি রাজেন্দ্র ভুমলা মহামান্য রাজ্যপালকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের রূপরেখা সম্পর্কে প্রধান অতিথি এবং সমবেতদের অবহিত করেন। পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল ডাঃ সি.ভি.আনন্দ বোস তাঁর ভাষণে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অবিশ্বাস্য অবদান এবং দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে তাঁর অবদান ও আত্মত্যাগের কথা বলেন। পাশাপাশি SSB, CISF, NSG, NDRF এবং EZCC র সম্মিলিত আয়োজনে সফল ভাবে সম্পন্ন করা এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রসংশা করেন এবং নেতাজীর ব্যক্তিত্ব থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য তরুণদেরকে আহ্বান জানান।

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনে সশস্ত্র সীমা বল

এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরেশ সাক্সেনা, আইপিএস, আইজি (টিআরজি) এসএসবি, আর কে ভুম্বলা, আইজি, এসএসবি, অমিত কুমার, আইজি, এসএসবি, এম এস পাদ্দা, ডিআইজি, এসএসবি,  রাকেশ কুমার পান্ডে, পরিচালক, এমএইচএ,  আশীষ গিরি, ডিরেক্টর ইজেডসিসি, পিয়ালী শর্মা, সিনিয়র  কমান্ড্যান্ট, সিআইএসএফ, অশোক বিশ্বাস, কমান্ড্যান্ট, এসএসবি, গুরবিন্দর সিং, কমান্ড্যান্ট, এনডিআরএফ,  অভিজিৎ চ্যাটার্জি, প্রশাসনিক কর্তা ইজেডসিসি।