পুবের কলম ওয়েবডেস্কঃ অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখনও থমথমে৷ সোমবারের ওই ঘটনায় অসমের পাঁচজন পুলিশ কর্মী ও একজন নাগরিকের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে অসম সরকার ৷এই সময়কালে, জাতীয় পতাকা অর্ধ নমিত থাকবে এবং কোনও বিনোদনের অনুষ্ঠান করা যাবেনা। সাধারণ প্রশাসন বিভাগের জারি করা আদেশে ওই কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে এই ঘটনার পর রাজ্যের বনাঞ্চল রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসমের কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জে তিন ব্যাটালিয়ন কমান্ডো মোতয়েন করা হবে ৷
আরও পড়ুন:
সোমবার অসম ও মিজোরাম সীমানায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে ছ’জনের মৃত্যু হয় ৷ পাশাপাশি ৬০ জন জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বলকর রয়েছেন ৷ তাঁকে মুম্বইতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুন:
এদিকে এই ঘটনার পর কাছাড় জেলার বাসিন্দারা মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ ইতিমধ্যে মিজোরাম যাওয়ার বেশ কয়েকটি রাস্তায় অবরোধও হয়েছে ৷ বুধবার বরাকে বনধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ৷
আরও পড়ুন:
এদিন নিহতদের শেষশ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী ৷তিনি এই ঘটনা নিয়ে টুইট করে শোকপ্রকাশও করেছেন ৷ তাছাড়া শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখতেও যান তিনি ৷ শিলচরের যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানেও মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে খবর ৷
আরও পড়ুন:
এখানে উল্লেখ্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে উত্তর পূর্ব ভারতের মুখ্য়মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে সংশ্লিষ্ট রাজ্যের সীমানায় শান্তি বজায় রাখতে অনুরোধ করেছিলেন ৷ আর তার পরই এই ঘটনা ৷
আরও পড়ুন:
চলতি বছরের মে মাসে অসম-নাগাল্যান্ড সীমানায় এই ধরনের একটি ঘটনা ঘটেছিল ৷সেখানে গুলি চলার ঘটনা ঘটে ৷ তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর ছিল না ৷