আসানসোলে উত্তেজনা। আসানসোল উত্তর থানার অধীন জাহাঙ্গীর মহল্লা ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থমথমে গোটা এলাকা। শুক্রবার গভীর রাতে একদল উত্তেজিত যুবক ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর আচমকাই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই জাহাঙ্গীর মহল্লা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল।

সেই আবহেই কয়েকজন যুবক ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। ফাঁড়িতে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়, তছনছ করে দেওয়া হয় কম্পিউটার রুমও। হামলায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। যৌথ অভিযানে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
শনিবার সকালেও রেলপার সংলগ্ন জাহাঙ্গীর মহল্লা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

অধিকাংশ দোকানপাট বন্ধ। এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ কমিশনার প্রণব কুমার। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।