রমিত বন্দ্যোপাধ্যায়:  ফের কলকাতা শহরে ভয়াবহ আগুনের ঘটনা। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ 'নুপুর এপার্টমেন্ট' নামের এক বহুতলের ৫ তলার ফ্ল্যাটে আগুন লাগে । বিধবংসী এই  অগ্নিকাণ্ড  থেকে রক্ষা পেল বাগুইআটি জ্যাংড়ার এই বহুতলের প্রায় ১১ টি পরিবার। প্রথম ধোঁয়া লক্ষ্য করেন ওই এলাকার এক সাফাইকর্মী। সতর্ক করেন আবাসনের লোকজন ও স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন।

বাগুইআটির বহুতলে আগুন, অল্পের জন্যে রক্ষা পেল ১১টি পরিবার

প্রাথমিকভাবে পরিস্থিতির গুরুত্ব বিচার করে দ্রুত আরও দু'টি দমকলের ইঞ্জিন সেখানে আসে।  প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতর কোনও খবর নেই। দমকল কর্মীদের তৎপরতায় দু'টি গ্যাস সিলিন্ডার পাঁচতলার ফ্ল্যাট থেকে নামিয়ে আনা হয়। ফলে আগুন ছড়িয়ে যায়নি। ঘটনাস্থলে বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসাররাও পৌঁছান।

সমস্ত ঘটনা তারা খতিয়ে দেখেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বাগুইআটির বহুতলে আগুন, অল্পের জন্যে রক্ষা পেল ১১টি পরিবার

পাঁচতলার ৩ টি ঘরের মধ্যে ১টি ঘর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে রাখা বই, খাট, আলমারি, ল্যাপটপ সমস্ত পুড়ে ছাই হয় যায়। আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরেও। তবে দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান,  রেসিডেন্সিয়াল বিল্ডিং হওয়ার কারণে ফ্ল্যাটের প্রতিটি তলেই গ্যাস সিলিন্ডার ছিল। প্রথমে আগুন দেখে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম, কোনোভাবে যদি সিলিন্ডার ফেটে যায়, তাহলে কি হবে।

বাগুইআটির বহুতলে আগুন, অল্পের জন্যে রক্ষা পেল ১১টি পরিবার

ঘটনাস্থলে উপস্থিত লেকটাউন ফায়ার স্টেশনের আধিকারিক জয়ন্ত সাহা বলেন, 'ফ্ল্যাটটা বন্ধ থাকার কারণে এবং ভয়াবহ ধোঁয়ার কারণে আমাদের প্রাথমিকভাবে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে অসুবিধা হয়েছিল। পরবর্তীতে তালা ভেঙে আমরা ভেতরে ঢুকি। আমাদের তিনটি ইঞ্জিন এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।'