পুবের কলম,ওয়েবডেস্ক: কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই খবর জানার পরেই নিজের ফিরিয়ে দেওয়া পদ্মশ্রী ফেরৎ চাইলেন কমনওয়েলথে সোনাজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়ে বজরং জানিয়েছেন, ‘কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’ রাজনৈতিক যোগের কথা উল্লেখ করে বজরং বলেন, ‘আমরা জানি এই কমিটির মধ্যে রাজনৈতিক প্রভাব রয়েছে। যেভাবে নির্বাচন হল, আর নির্বাচনের যা ফল, তাতে রাজনৈতিক প্রভাব স্পষ্ট।
ওরা আমাদের দিকে আঙুল তোলে, বলে আমরা নাকি হরিয়ানা, উত্তর প্রদেশ বিভাজন করছি। কিন্তু আমরা জাতীয় কুস্তিগির। আমরা দেশের জন্য লড়াই করি। আমরা বিভাজনে বিশ্বাস করি না। দেশের হয়ে আমরা পদক জিতেছি। আমরা রাজনৈতিক বিভাজন চাই না।’আরও পড়ুন:
এমনকি ব্রিজভূষণ শরণ সিংকে চ্যালেঞ্জ জানিয়ে বজরং জানিয়েছেন, ‘আমরা মুখ খুলেছি বলে ওরা আমাদের ভয় পর্যন্ত দেখিয়েছে। ব্রিজভূষণ কি সরকারের থেকেও বড়?’ বজরং অভিযোগ করেছেন দেশের সব কুস্তি ফেডারেশনই নাকি ব্রিজভূষণের অঙ্গুলি হেলনে চলে। তিনি বলেন, ‘আমরা আগেও যে দাবি করেছিলাম, সেটা থেকে একটুও সরছি না।
সব রাজ্য থেকেই ব্রিজভূষণের ঘনিষ্ঠদের সরাতে হবে। ওদের জন্য দেশের কুস্তির ক্ষতি হচ্ছে।’আরও পড়ুন:
পদ্মশ্রী ফেরৎ নিতে চাওয়া নিয়ে বজরং বলেন, ‘আমরা কিছু করেছি বলেই সরকার আমাদের এই সম্মান দিয়েছেন। আমরা কাউকে অসম্মান করতে চাই না। পদক বা কোনও প্রাপ্ত সম্মানকে অসম্মান করার কোনও ইচ্ছে আমাদের নেই। অবশ্যই নিজেদের পদক ফিরিয়ে নেব। দেশের জন্য ঘাম, রক্ত ঝরিয়েছি। এই দেশের সম্মান আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।’