পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ জুন। তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা । এতে তার মাথাসহ শরীরের  বিভিন্ন অংশে ছয়টি গুলি লাগে।
ঘটনাস্থলেই মারা যান তিনি।

 নিহত রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের বাসিন্দা। নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ জানান, জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।
সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় পাঁচ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় যান।  রিগানের কাকা, তুতো ভাইসহ আত্মীয়-স্বজনদের অনেকেই আফ্রিকায় থাকেন। তারাই মৃত্যুর খবর বাড়িতে জানান। দু’মাস পর দেশে আসার কথা ছিল রিগানের।