পুবের কলম ওয়েবডেস্কঃ এশিয়া কাপের সুপার-ফোর’এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি এবং কে এল রাহুলের জোড়া শতরানে ভর করে রানের পাহাড় গড়ল ভারত। শাহিন আফ্রিদি, নাসিম শাহদের দেদার পিটিয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত মাত্র দুটি উইকেট হারিয়ে ৩৫৬ রান করে। ৯টি চার ও ৩টি ছয়-এর সাহায্যে কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন। পাশাপাশি চোট মুক্ত হয়ে দারুণ কামব্যাক করলেন কে এল রাহুল।
তিনি ১১১ রানে অপরাজিত থাকেন। রাহুলের ইনিংসে রয়েছে ১২টি চার ও দুটি ছয়। দু’জনে মিলে ২৩৩ রান যোগ করেন। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ওয়ানডে কেরিয়ারে বিরাটের এটি ৪৭-তম শতরান। একইসঙ্গে দ্রুততম ব্যাটার হিসেবে দেশের জার্সিতে ১৩ হাজার ওয়ানডে রানের রেকর্ডও গড়ে ফেললেন কোহলি।আরও পড়ুন:
কলম্বোতে সুপার ফোর-এর এই ভারত-পাক ম্যাচ ছিল ববিবার। ওই দিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের রান যখন ২ উইকেটে ১৪৭ তখন বৃষ্টি নামে। ওইদিন আর খেলা শুরু করা সম্ভব হয়নি। সোমবার রিজার্ভ-ডে’তে সেখান থেকেই ম্যাচ শুরু হয়।