পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রেমে ধোঁকা। প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে খুন প্রাক্তন প্রেমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারে। জানা গেছে, মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে এক শিক্ষিকাকে কুপিয়ে কুপিয়ে খুন করে যুবক। এখানেই ক্ষান্ত হয়নি প্রাক্তন প্রেমিক। প্রকাশ্য রাস্তায় যুবতীর গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় ওই যুবক।

ঘটনার পর থেকে পালতক অভিযুক্ত। খোঁজে জারি তল্লাশি। জানা গেছে, মঙ্গলবার পূর্ব বিহারের কাটিহারে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর মৃত যুবতীর  নাম যশোদা দেবী। রোজকার মতো এদিনও ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন যশোদা। তখনই রাস্তাতে তাঁর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবক।
নাম হালচাল কুমার।কিছু বুঝে ওঠার আগেই মৃত যুবতীকে কোপাতে শুরু করে। এখানেই থেমে থাকেনি সে। মাটিতে লুটিয়ে পড়লে যশোদার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই যুবক। তার পরই পালিয়ে যায় অভিযুক্ত প্রেমিক। সংশ্লিষ্ট ঘটনায় ভেঙে পড়েছেন যশোদার স্বামী পরমেশ রাই।
তিনি জানিয়েছেন, “হালচালের সঙ্গে যশোদার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর পঞ্চায়েতে সেই খবর আমাদের সামনে এসেছিল। গত ফেব্রুয়ারি মাসেই হালচাল আমার উপর হামলা করেছিল। এই দেখুন আমার মুখে এখনও সেই চিহ্ন রয়েছে। আর আজ ও আমার স্ত্রীকে মেরে ফেলল। যতক্ষণ পর্যন্ত যশোদার শরীরে প্রাণ ছিল ও কুপিয়ে গিয়েছে। তাতেও শান্তি হয়নি। শেষে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে।