পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে জয়ের পর রাজ্যের সব কর্মীদের অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধি। কর্নাটকবাসীকেও এই জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন রাহুল। কর্নাটকে গরিবের পাশে ছিল কংগ্রেস এদিন সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য তাঁর।
এই মুহূর্তের আপডেট
১) ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী কংগ্রেস নেতা ডিকে শিবকুমার
কর্নাটক বিধানসভা নির্বাচনে কনকপুরা কেন্দ্র থেকে জয়ী হলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। জানা গিয়েছে, ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার।
২)‘কর্ণাটকে হিংসার বাজার বন্ধ হয়েছে, ভালোবাসার দোকান খুলেছে’
রাহুল গান্ধি বলেন, ‘কর্ণাটকে হিংসার বাজার বন্ধ হয়েছে, ভালোবাসার দোকান খুলেছে।’
৩) বিধায়কদের বৈঠক হবে আগামিকাল
কংগ্রেসের জয়ী বিধায়কদের অবিলম্বে জয়ের সার্টিফিকেট নিয়ে বেঙ্গালুরু আসতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামিকাল জয়ী বিধায়কদের বৈঠক হতে পারে। এর জন্য ইতিমধ্যেই পাঁচতারা হোটেলে ঘর বুক করা হয়ে গিয়েছে।
৪) সোনিয়া গান্ধির কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন ডিকে শিবকুমার
নিজের জয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সকল সাধারণ সম্পাদক, কর্মী-সমর্থক থেকে শুরু করে গান্ধি পরিবার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিবকুমার।
মল্লিকার্জুন খাড়গের প্রতিও ধন্যবাদ জানান তাঁর উপর আস্থা রাখার জন্য। তিনি বলেন, “আমি দল ও সমস্ত কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জানাই। তাঁরা এই নির্বাচনের পিছনে কঠোর পরিশ্রম করেছেন।” এদিকে তিনি সোনিয়া গান্ধির কথা বলতে বলতে কেঁদেও ফেলেন। তিনি বলেন, “আমি সোনিয়া গান্ধির অবদান কোনওভাবেই ভুলতে পারব না। তিনি আমার সঙ্গে জেলে দেখা করতে এসেছিলেন।”
৫) ডি কে শিবকুমার না কি সিদ্দারামাইয়া?
কর্ণাটকে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, আপাতত এই সিদ্ধান্ত নেওয়াই কংগ্রেসের কাছে সবথেকে কঠিন চ্যালেঞ্জ৷ দুই নেতাই মুখ্যমন্ত্রীর চেয়ার পাওয়ার আশায় রয়েছেন৷