পুবের কলম ওয়েব ডেস্ক: লোকসভা ভোটের আগে পার্লামেন্টে দাঁড়িয়ে যেন সরকারের প্রচার। টানা দশ বছর ধরে বিজেপি সরকার কি করেছে, তার খতিয়ানই অন্তর্বতী বাজেটে তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৫৬ মিনিট ১০ সেকেন্ডের বক্তব্যে আসল কথা বললেন মাত্র ৬ মিনিট। জিনিসপত্রের দাম ও কমেনি, বেকারত্ব নিয়ন্ত্রণে আনতে কি করতে হবে তাও বলতে পারলেন না অর্থমন্ত্রী। তবে ঘুরে ফিরে তিনি শুধু বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০ বছরের সাফল্য আর প্রশংসা করে গেলেন।
এরপর পাল্টা প্রশংসা পেলেন নির্মলা। একটি ভিডিয়ো বার্তায় নির্মলার প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে দিনের শেষে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়ই হল। বাজেট পেশের পর ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট বিকশিত ভারতের ভিত্তিকে আরও মজবুত করবে। প্রধানমন্ত্রী বলেন, এটা ইনোভেটিভ বাজেট।
যুবক, গরিব, মহিলা, কৃষকদের শক্তি দেবে এই বাজেট। এই বাজেটে সমাজের বিভিন্ন অংশ উপকৃত হবে। প্রধানমন্ত্রীর মতে, এই বাজেটে উন্নত ভারতের ভিত্তি স্থাপন হবে। তিনি বলেন, আমাদের বড় লক্ষ্যের দিকে এগোতে হবে। গরিবদের জন্য ৪ কোটি ঘর বানানো হয়েছিল।
আরও ২ কোটি বানানো হবে। ৩ কোটি লাখপতি দিদি বানানো হবে। রুফ টপ সোলার বিদ্যুত, সাধারণ ট্রেনে বন্দে ভারতের মতো ৪০ হাজার বগি, গবেষণার জন্য ফান্ড বরাদ্দ ইত্যাদি বিষয়গুলি তুলে ধরে নির্মলার বাজেটকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী। কিন্তু বক্তব্য শেষে সবটাই মনে হয়েছে স্ক্রিপটেড। মূল্যবৃদ্ধির কি হবে, বেকারত্ব দূরীকরণের কি হবে, ১৪০ কোটির ভবিষ্যত কি, তা বলতে পারেননি নির্মলা। শুধু ঘুরে ফিরে বলে গেছেন, গত ১০ বছরে নরেন্দ্র মোদির সাফল্য। ওদিকে প্রধানমন্ত্রীও গুনিয়ে দিলেন নির্মলার সাফল্য। অনেকে বলছেন, অন্তবর্তী বাজেটের নামে সমাধান নয়, লোকসভার আগে শুধু পুরোনো কাসুন্দি ঘাঁটল বিজেপি সরকার।