তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ঘটনায় আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও ভাঙার কাজ করা যাবে না।

তবে আদালত স্পষ্ট করেছে, ইতিমধ্যে যে অংশ ভাঙা হয়েছে তার কোনও অংশ বিপজ্জনক অবস্থায় থাকলে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে পুরসভা। সেই ক্ষেত্রে আইন মেনেই সমস্ত পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুর কর্তৃপক্ষকে।

শুনানিতে বিচারপতি কড়া মন্তব্য করে বলেন, “মাশরুমের মতো অবৈধ নির্মাণ হচ্ছে।

এটা ভবিষ্যতে বড় বিপর্যয় ডেকে আনবে।”
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, সংশ্লিষ্ট বহুতলের কোনও অনুমোদিত নকশা বা স্যাংশন প্ল্যান দেখাতে পারেনি মালিকপক্ষ। শুধু তাই নয়, ওই ভবনে কী ধরনের ব্যবসা চলত, তারও কোনও বৈধ নথি আদালতে পেশ করা হয়নি।

এই পরিস্থিতিতে বিচারপতি নির্দেশ দেন, আপাতত ওই ভবনে কোনও ধরনের ব্যবসায়িক কার্যকলাপ চালানো যাবে না।
তিলজলায় অবৈধ নির্মাণ ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই হাই কোর্টের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইন মহল।