পুবের কলম, ওয়েবডেস্ক:  শান্তনু ঠাকুর থেকে শুভেন্দু অধিকারি সম্প্রতি জোরালো গলায় দাবি করে আসছিলেন, শীঘ্রই দেশজুড়ে সিএএ লাগু করা হবে। আর এবার সেই বার্তাই শোনা গেল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (AMIT SHAH)  গলায়।

শনিবার শাহ সাফ জানিয়ে দিয়েছেন, আর প্রতীক্ষা নয়, লোকসভা ভোটের আগেই দেশজুড়ে বলবৎ করা হবে সিএএ। আর সিএএ (CAA)  লাগু করার আগে তার বিধিও তৈরি করা হবে।

সিএএ নিয়ে যে মুসলিমদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে তাও বিলক্ষণ জানেন শাহ। আর তাই তাঁর সাফাই, ‘আমাদের মুসলিম ভাইদের ভুল পথে চালিত করা হচ্ছে। তাদের প্ররোচনা দেওয়া হচ্ছে। সিএএ তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন।
এটা কারও ভারতীয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়।

’ ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট-২০২৪ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (NARENDRA MODI)  সুরে সুর মিলিয়ে শাহও এদিন দাবি করেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপি একা ৩৭০-এর বেশি আসন পাবে। আর এনডিএ ৪০০ টপকে যাবে ও তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে।