পুবের কলম,ওয়েবডেস্ক: লাগাতার চিতা মিত্যুর জের। গলা থেকে ‘রেডিও কলার’ সরিয়ে দেওয়ার নির্দেশ। কেন এত ঘন ঘন চিতার মৃত্যু হচ্ছে সেই কারণ খুঁজতে গিয়ে বেশ কয়েকটি বিষয়কেই দায়ী করেছেন বন আধিকারিক ও বিশেষজ্ঞরা। তার মধ্যে একটি রেডিও কলার।

ভারতে চিতার পুনর্বাসন প্রকল্পের সঙ্গে যুক্ত দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান টর্ডিফ প্রসঙ্গক্রমে বলেন, রেডিও কলার চিতা মৃত্যুর কারণ হতে পারে। তবে এটাই যে একমাত্র কারণ তা নয়। দক্ষিণ আফ্রিকার শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত ওই চিতাগুলি। এই প্রথম ভারতীয় বর্ষা দেখছে তারা।
ফলে নানান সমস্যা তৈরি হতে পারে।

দাবি, বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ফলে রেডিও কলারের আশপাশে চুলকায়, সেখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাও প্রবল। উক্ত স্থানে আঁচড়ের ফলে ক্ষত সৃষ্টি হয়।
মশা-মাছি বসে সংক্রমণ আরও ছড়ায়। এর থেকে তাদের মৃত্যু হতে পারে।

যদিও পরিবেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছেন, রেডিও কলারের মাধ্যমেই যে চিতার মৃত্যু হয়েছে এমনটা নয়। গতিবিধি লক্ষ্য করার জন্য এটি পরানো হয়। চিতা তেজসের মৃত্যু হয় ট্রমাটিক শকের কারণে। এছাড়া কিডনি ও ফুসফুস বিকল হয়ে যায়। এই মৃত্যুর কারণ রেডিও কলার হতে পারে না।