পুবের কলম, ওয়েবডেস্ক: : ইসরাইলের হানা অব্যাহত। ফিলিস্তিনের উপর আক্রোশ মেটাতে যুদ্ধ জারি রেখেছে ইসরাইলি বাহিনী। এয়ার স্ট্রাইকের পর এবার স্থল যুদ্ধের ডাক দিয়েছে ইসরাইল। বিপর্যস্ত গাজা। খাবার, পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা ছাড়া প্রায় মৃত্যুমুখে গাজাবাসী।

গাজায় আশ্রয়হীন ৩ লক্ষ ৩৮ হাজার বাসিন্দা। চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না প্রায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা। রাষ্ট্রসংঘের দাবি, শোচনীয় অবস্থায় গাজা।

মধ্যপ্রাচ্যের চলা এই যুদ্ধের আঁচ পড়েছে ভারতে। এবার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে পুলিশের হাতে আটক হতে হল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

পড়ুয়ারা 'ডাউন ডাউন ইসরাইল' বলে স্লোগান দিচ্ছিলেন। বশির বাগে আম্বেদকর মূর্তির সামনে এই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। বিক্ষোভ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ বিক্ষোভরত শিক্ষার্থীদের নিজেদের হেফাজতে নেয়। গাজায় বোমাবর্ষণে ইসরাইলের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনের জন্য সংহতি প্রকাশের দাবি তুলে বিক্ষোভ দেখায় একদল ছাত্রী। প্ল্যাকার্ডে লেখা ছিল 'লং লিভ ফিলিস্তিন'।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখানে মিছিলের কোনও অনুমতি ছিল না। গত সপ্তাহে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হায়দরাবাদে এটাই প্রথম বিক্ষোভ।