পুবের কলম, ওয়েবডেস্ক: আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন সকালে দিল্লিতে তেরঙ্গা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর উদ্দেশে একগুচ্ছ বার্তা দেন তিনি।

আর এদিন সকালে প্রতিবারের মতো কলকাতার রেড রোডে উপস্থিত থাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় পতাকার উত্তোলনে করেছেন মুখ্যমন্ত্রী। তার আগে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপনে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের ইতিহাসের অধ্যায়গুলো সাহস ও স্থিতিস্থাপকতায় লেখা হয়েছে। তেরঙা পতাকা উত্তোলনে আসুন আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করি, তাঁরা যে মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন তা সমুন্নত রাখার অঙ্গীকার করি।’

মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও লিখেছেন, ‘তাঁদের আত্মত্যাগ আমাদেরকে উদ্দেশ্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আসুন আমরা বিভক্তির উর্ধ্বে উঠি, আমাদের মতভেদকে দূরে সরিয়ে রেখে একটি উজ্জ্বল, উন্নত ভারতের দিকে আমাদের যাত্রায় ঐক্যবদ্ধ হই।

আমার মা, ভাই ও বোনদের ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

তথ্য সংস্কৃতি দফতর থেকে ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলোতে প্রদর্শিত হয় দুর্গা প্রতিমা। গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও যোগ দেবেন।

এছাড়া থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, কৃষকবন্ধু প্রকল্পের ওপর ছিল ট্যাবলো। কলকাতা ও রাজ্য পুলিশে মহিলা বাহিনী-সহ সব বাহিনী একযোগে নানা ধরনের কসরৎ দেখায়।

পদক পেলেন চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পেলেন পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।

চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল পেলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ। ১১ জন আইএএস’কে মেডেল প্রদান। এদের মধ্যে রয়েছেন শান্তনু বসু, পিবি সেলিম, শরৎকুমার দ্বিবেদী, বিপি গোপালিকা, বিবেক কুমার, মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘমিত্রা ঘোষ, নারায়ণস্বরূপ নিগম, মুক্তা আর্য, বিধান রায় পেলেন সম্মান। এই প্রথম আধিকারিকদের পুরস্কার প্রদান করা হল।