পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমেই অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরাইলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস সতর্ক করে বলেছে, কোনো ধরনের ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে যাওয়া কিংবা চীনে ফিরে যাওয়াই এখন সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
 
সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও হামলার মাত্রা বাড়িয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে জানা গেছে, ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস নাগরিকদের সরিয়ে নিতে একটি উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে।
 
দূতাবাস জানিয়েছে, ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা বেড়ে চলেছে।
এতে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনাও ঘটছে।
 
এ অবস্থায় এখনও যারা ইসরাইলে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার এবং সংবেদনশীল সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।