তেহেরান: ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চিন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চিন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চিন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ‘অয়েল প্রাইস’ নামের ওয়েবসাইট। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইরান ও রাশিয়া থেকে চিনের তেল আমদানি দিন-দিনই বৃদ্ধি পাচ্ছে।
কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী চিনের সরকারি বার্তা বার্তা সংস্থা ‘সিনহুয়া’কে জানিয়েছেন, চিন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এর ফলে রাশিয়া এবং ইরানের সঙ্গে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেজিং। ফলে ২০২৫ সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চিন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই আমদানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দু’বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।