পুবের কলম, ওয়েবডেস্ক: সউদি আরবে দেশবাসীকে ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আগামী সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। আগামী সোমবার সউদিতে পবিত্র রমযান মাসের ২৯ তারিখ। ওইদিন শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদ্যাপিত হবে।
আরও পড়ুন:
ওইদিন চাঁদ দেখা না গেলে ৩০ রোযা পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) ঈদ উদ্যাপিত হবে। রমযান হল আরবি বর্ষপঞ্জিকার একটি মাস। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর।
সউদি আরবে গত ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমযান মাসের চাঁদ দেখা যায়। ১২ মার্চ থেকে শুরু হয় রোযা। গতবছর সউদিতে রমযান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোযা হয়েছিল। তবে বিশ্বের আরও কিছু দেশে ৩০ রোযা হয়েছিল। ইসলামের মূল ক্ষেত্র হওয়ায় সউদিতে চাঁদ দেখা নিয়ে বেশ আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলমানরা। কারণ সউদিতে চাঁদ দেখা গেলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে, পরদিন তাঁদের দেশেও ঈদ।