পুবের কলম, ওয়েবডেস্ক:  ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে  চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিং হওয়ার কথা। কিন্তু সেই সময় পিছিয়ে যেতে পারে, এমনটাই জানালো ইসরো। ইসরো সূত্রে খবর, ২৩ অগস্ট, বুধবার চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। কিন্তু,  ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থান দেখে প্রয়োজনে চন্দ্রযানের অবতরণ সেদিন স্থগিত করা হতে পারে। ইসরো-র আহমেদাবাদ কেন্দ্রের ডিরেক্টর নীলেশ এম দেশাই এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। তবে সেই দিন চাঁদের মাটিতে অবতরণের সঠিক সময় হবে কিনা, ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যদি কোনও সমস্যা মনে হয় তাহলে আমরা ২৭ অগস্ট মডিউলের চাঁদে অবতরণ করানো হতে পারে।'

তবে ২৩ আগস্ট চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করাতে সক্ষ্মম হবে বলে আশাপ্রকাশ করেছে ইসরো। চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের দিন নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। চন্দ্রযান-৩ -র প্রকৃত অবস্থান নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে। আগামী ২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের সম্ভাবনা নিয়ে ইসরোর প্রশংসাও করেন কেন্দ্রীয় মন্ত্রী। চন্দ্রযান-৩ -র সফট ল্যান্ডিং হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এক ইতিহাস গড়বে বলে আশাবাদী জিতেন্দ্র সিং।

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী বুধবার, অর্থাৎ ২৩ আগস্ট বিকেল ৫ টা ৪৫ মিনিট থেকে চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের প্রক্রিয়া শুরু হবে। ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান-৩-র। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে আসবে ল্যান্ডার। অবতরণের পর ল্যান্ডারের পেট থেকে বেরিয়ে আসবে রোভার।

যে রোভার পরবর্তী ১৪ দিন চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

সেই পরিস্থিতিতে আপাতত ‘সফট ল্যান্ডিং’-র উপর জোর দিচ্ছে ইসরো। যে ইসরোর দিকে তাকিয়ে আছে বিশ্বও। কারণ গত সপ্তাহেই চাঁদে অবতরণের লক্ষ্য নিয়ে গেলেও চন্দ্রের জমিতে আছড়ে পড়েছে রাশিয়ার লুনা-২৫। ভেঙে গিয়েছে রাশিয়ান চন্দ্রযান। ফলে চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিং নিয়ে বাড়ছে উদ্বেগ। সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত করবে ইসরো। বিকাল ৫টা ২৭ মিনিট থেকেই ইসরো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে চন্দ্রযান-৩-র অবতরণ প্রক্রিয়া এবং অবতরণ সরাসরি দেখা যাবে।